বিটকয়েন
বিটকয়েন
By (author) মোস্তফা তানিম
এই মুহূর্তে গোটা পৃথিবীর সবচেয়ে আলোচিত শব্দ— বিটকয়েন। বিটকয়েন নিয়ে চারিদিকে এত কথা শোনা যাচ্ছে, এর মধ্যে কোনটি যে সঠিক কোনটি বেঠিক বলা মুশকিল।
মোস্তফা তানিম একজন খনি শ্রমিকের মতো ঘটনার খুব গভীরে গিয়েছেন। বলা চলে, বিটকয়েন ব্যাপারটির মূলে পৌঁছে গেছেন। সাত সমুদ্র মন্থন করে তুলে এনেছেন, সবচেয়ে সঠিক, খাঁটি এবং জরুরি তথ্যগুলো। বলাবাহুল্য, আংশিক কোনো তথ্য নয়, পুরো এবং হালনাগাদ তথ্য।
আমি অর্থনীতি বুঝি না। বোঝার সাহসও নেই। কিন্তু এই বইটি পড়ে তুখোড় আনন্দ পেয়েছি। মনে হচ্ছিল থ্রিলার পড়ছি। সহজ, সরল, নির্মেদ বর্ণনা— সত্যিই বিস্ময়কর। আমি এখন জোর গলায় বলতে পারব— পৃথিবীর যে অল্প কয়েকজন মানুষ বিটকয়েনের মতো জটিল ব্যাপারটি বোঝেন, আমি তাদেরই একজন। একটি ছোট্ট বই পড়ে আমি এই যোগ্যতা অর্জন করে ফেললাম।
বাংলা ভাষার ভাণ্ডার এই বইটির মাধ্যমে সমৃদ্ধ হলো।
দারুণ, দারুণ, এটা একটি অতি দারুণ ঘটনা।
আশীফ এন্তাজ রবি
লেখক, সাংবাদিক
বিতর্ক পাঠশালা ১ম খন্ড
বিতর্ক পাঠশালা ১ম খন্ড
By (author) তারেক আজিজ
বিতর্ক পাঠশালা বিতর্কবিষয়ক প্রকাশনা, যেখানে সন্নিবেশিত হয়েছে বিতর্কের ইতিহাস, বাংলাদেশে ও বাংলা ভাষায় চর্চাকৃত ৩২ ধরনের বিতর্কের মধ্যে ৯ ধরনের বিতর্কের প্রস্তাব বা বিষয়, মূল্যায়ন, রীতিনীতিসহ প্রাসঙ্গিক নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা।
বারোয়ারি বিতর্ক, সনাতনী বিতর্ক, পুঞ্জ বিতর্ক, আদালত বিতর্ক, শিশু বিতর্ক, বজ্র বিতর্ক, পরম্পরা বিতর্ক, একক বিতর্ক, শ্রেণি বিতর্ক সম্পর্কে বিস্তারিত জানার সুযোগ ও উপায় হিসেবে প্রকাশ করা হলো বিতর্ক পাঠশালা।
এ বইটি অভিজ্ঞ ও নতুন বিতার্কিকসহ বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থী থেকে শুরু করে স্কুল, মাদ্রাসা, কলেজের শিক্ষার্থী সবার জন্য ব্যবহারিক ও ধারণাগত দিক বিবেচনায় তৈরি করা হয়েছে। বইটিতে একজন শিক্ষার্থীর বিতার্কিক ও বিতর্ক সংগঠক হওয়ার প্রাথমিক পর্যায় থেকে শুরু করে বিতর্ক ক্লাব গঠন, পরিচালনাসহ সার্বিক দিক নিয়ে বিস্তারিত দিক-নির্দেশনার উল্লেখ আছে।
বইটি সাজানো হয়েছে প্রশ্নমালার আঙ্গিকে এবং প্রশ্নগুলো তৈরিতে বিভিন্ন পর্যায়ের অনেক বিতার্কিক ও শিক্ষার্থীর সঙ্গে চাহিদা যাচাইসহ প্রণয়ন প্রক্রিয়ায় শিক্ষার্থী ও বিতার্কিকদের সঙ্গে সরাসরি মতবিনিময় করা হয়েছে।
বিতর্ক পাঠশালা ২
বিতর্ক পাঠশালা ২
By (author) তারেক আজিজ
বিতর্ক পাঠশালা ২য় খণ্ড বিতর্কবিষয়ক প্রকাশনা যেখানে বিতর্ক পাঠশালা ১ম খণ্ড বইটির ধারাবাহিকতায় সন্নিবেশিত হয়েছে বাংলা ভাষায় চর্চাকৃত (প্রচলিত ও অপ্রচলিত) ৩২ ধরনের বিতর্কের ২১টি ধরন সম্পর্কে বিস্তারিত আলোচনাসহ বিতর্কের বিষয়, মূল্যায়ন, রীতিনীতি ও প্রাসঙ্গিক নানা দিক। বইটিতে সংসদীয়, রম্য, জুটি, সৃষ্টি-স্রষ্টা, প্লানচেট, জাতিসংঘ মডেল, প্রতিবাদী, নির্বাচনী, আঞ্চলিক, টি-ফরমেট, নাট্য, দিবসভিত্তিক, যুগসন্ধিক্ষণের, বিষয়ভিত্তিক, মৌসুমি, রূপকধর্মী, কাব্য, অন্তঃবিতর্ক, আন্তঃবিতর্ক, টেলিভিশন এবং রেডিও বিতর্কসহ ২১ ধরনের বিতর্ক সম্পর্কে আলোচনা করা হয়েছে।
বিতর্ক পাঠশালা ২য় খণ্ড বইটিতে প্রাধান্য পেয়েছে বিতর্কের বিভিন্ন ধরনের বিস্তারিত আলোচনার পাশাপাশি বিতর্কের বিচারক ও সমসাময়িক বিতর্কসংশ্লিষ্ট মৌলিক নানা প্রসঙ্গ। দ্বিতীয় খণ্ডটিও স্কুল, মাদ্রাসা, কলেজ, বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীরা যাতে বিতর্কের ২১টি ধরন সহজ ও বিস্তারিতভাবে জানতে পারে সে দিকটিকে প্রাধান্য দিয়ে রচিত। প্রত্যাশা, শিক্ষার্থী ও বিতার্কিকদের ব্যবহার উপযোগী হবে বইটি এবং সর্বোপরি, বিতর্ক পাঠশালার ১ম ও ২য় খণ্ড সামগ্রিকভাবে বিতর্ক-সমগ্র হিসেবে বিবেচিত হবে।
বিদ্যাকৌশল: লেখাপড়ায় সাফল্যের সহজ ফরমুলা
বিদ্যাকৌশল: লেখাপড়ায় সাফল্যের সহজ ফরমুলা
By (author) রাগিব হাসান
কারো জন্য পড়াশোনা করা, ভালো ফলাফল করা, ভালো করে কিছু শেখা খুব সহজ কাজ।
আবার কারো জন্য এটা খুবই কঠিন একটা কাজ।
কিন্তু কেন? মেধা? মেধা একটা ব্যাপার বটে, কিন্তু একমাত্র ব্যাপার না।
মেধা জন্মগত বটে, কিন্তু গোপন কথাটা হচ্ছে, মেধা কিন্তু কারো ভালো শিক্ষার্থী হবার প্রধান নিয়ামক নয়। অনেকগুলা ফ্যাক্টরের মধ্যে মেধা একটি মাত্র ফ্যাক্টর। আর সুখবরটা হলো চেষ্টা দিয়ে, কায়দাকৌশল শিখে মেধার কমতিটা পুশিয়ে নেয়া অবশ্যই সম্ভব।
এই বইতে ভালো করে সঠিক নিয়মে পড়াশোনা করা, কোনো কিছু শেখার কায়দাকৌশল নিয়েই আলোচনা করা হয়েছে। ভালো ছাত্ররা এই কৌশল জানে— কিন্তু অন্যদের জানাতে চায় না।
ছাত্রজীবনে রাগিব হাসান বিজ্ঞান বিভাগ থেকে এসএসসিতে বোর্ডে ৪র্থ স্থান এবং এইচএসসিতে ১ম স্থান লাভ করেন। ভর্তি পরীক্ষায় প্রথম স্থান পেয়ে বুয়েটে ভর্তি হন এবং সব বিভাগের সেরা ফলাফলের জন্য চ্যান্সেলর গোল্ড মেডেল পান।
নিজ ফলাফল ছাড়াও ছাত্রজীবন এবং বর্তমান শিক্ষকতা-জীবনে প্রচুর ভালো শিক্ষার্থীদের সাথে মেলামেশার যে অভিজ্ঞতা তার ভিত্তিতেই এই বই।
বইটি সব রকমের শিক্ষার্থীদের জন্যই লেখা। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়— সব পর্যায়ের শিক্ষার্থীরাই এই বইটি পড়ে উপকৃত হবেন বলে আমাদের বিশ্বাস। শুধু তাই নয়, যারা এখন শিক্ষার্থী নন, কিন্তু চাকুরি বা অন্য দরকারে দ্রুত এবং কার্যকরভাবে কিছু শিখতে চান, তাদের জন্যও এই বইটি।
বিমান ওড়ার কৌশল
বিমান ওড়ার কৌশল
By (author) ড. এম ইদ্রিস আলী
বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে বর্তমান যুগে আধুনিক উড়োজাহাজের নির্মাণের প্রতিনিয়ত পরিবর্তন আসছে। এই পরিবর্তনের যুগে উড়োজাহাজ নির্মাণ বেশি প্রযুক্তি নির্ভরশীল এবং জটিল। অঙ্কশাস্ত্রের জটিল ও কঠিন ফর্মুলা উড়োজাহাজের ডিজাইন ও নির্মাণে প্রয়োগ করা হচ্ছে। বিমান ডিজাইন ও নির্মাণে আধুনিক কম্পিউটারনির্ভর বিভিন্ন সফটওয়্যার ব্যাপকভাবে ব্যবহার করা হয়। এমন একটি উন্নত প্রযুক্তিনির্ভর আবিষ্কারের ওপর সহজভাবে লেখা মোটেও সহজ কাজ নয়; বিশেষ করে ছোটদের জন্য, যারা অঙ্ক বোঝে না, ফর্মুলা বোঝে না; তাদের জন্য লেখা আরও বেশি কষ্টকর বিষয়। এই মহা সত্যটি মনে রেখে এই বইয়ে জটিল ধারণা, গাণিতিক হিসাব এবং কঠিন বৈজ্ঞানিক সূত্র পরিহার করা হয়েছে; যাতে করে সহজেই বিমান সম্পর্কে জানা যায়।
বিয়ন্ড রিলিজিয়ন
বিয়ন্ড রিলিজিয়ন
By (author) দালাই লামা
বিশ্বায়নের এই যুগে নৈতিকতার ধারণাগুলো ধীরে ধীরে জটিল থেকে জটিলতর হয়ে উঠছে। নৈতিকতার পুরাতন ধারা ও ধারণাগুলো আধুনিক যুগের অনেক সমস্যার সমাধান দিতে ব্যর্থ হচ্ছে। বিশ্বখ্যাত আধ্যাত্মিক নেতা চতুর্দশ দালাই লামা এ বইয়ে ধর্ম-প্রভাবিত প্রথাগত নৈতিকতার বাইরে গিয়ে সর্বজনীন আধ্যাত্মিকতার এক নতুন দিগন্ত উন্মোচন করেছেন। ধার্মিক ও ধর্মনিরপেক্ষ সকল শ্রেণির মানুষকে তার নিজের ভেতর থেকে শান্তি খুঁজে পেতে এবং জীবনের উদ্দেশ্য সম্পর্কে স্পষ্ট ধারণা লাভ করতে সাহায্য করবে এ বইটি।
বিলিয়ন ডলার স্টার্টআপ
বিলিয়ন ডলার স্টার্টআপ
By (author) Munir Hasan
বিলিয়ন ডলার মানে কতো টাকা?
শূন্য ঠিকঠাকমতো বসিয়ে সেটিকে ৮৫ টাকা দিয়ে গুণ করার পর বোঝা গেল ঘটনাটি জটিল। কারণ টাকার পরিমাণ হচ্ছে ৮ হাজার ৫০০ কোটি টাকা!!! এতো টাকা কেমন করে হিসাব করা যায়। হাতের কাছে আছে আমাদের পদ্মা সেতু। পদ্মা সেতু বানাতে খরচ হচ্ছে ৩০ হাজার কোটি টাকা। তার মানে চার বিলিয়ন ডলারের একটু কম। যেদিন হোয়াটসএপ ১৯ বিলিয়ন ডলারে বিক্রি হয় সেদিন বাংলাদেশ ব্যাংকে আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ২০ বিলিয়ন ডলার। ভাবা যায়। মাত্র ৫৫ জন লোক মিলে এমন একটা কোম্পানি তৈরি করতে পারে যার বাজার মূল্য হয় ১৯ বিলিয়ন ডলার!
প্রশ্ন হচ্ছে এমন কোম্পানি কেমন করে তৈরি হয়? এটা বোঝার সহজ বুদ্ধি হলো বিলিয়ন ডলার কোম্পানির গল্পগুলো জেনে নেওয়া, তাদের আইডিয়া থেকে বিকাশের পথ পরিক্রমাটা বুঝতে পারা।
এই বই-এ সেই কাজটিই করা হয়েছে, গল্পের ঢঙ্গে। গল্পের সঙ্গে কখনো কখনো উঠে এসেছে গল্প থেকে শেখার অংশও।
উদ্দেশ্য একটাই। এক সময় আমাদেরও যেন অনেক বিলিয়ন ডলারের গল্প তৈরি হয়।
শুভ কামনা।
বিংশ শতাব্দীর সমাজতন্ত্র ও পুঁজিবাদ
বিংশ শতাব্দীর সমাজতন্ত্র ও পুঁজিবাদ
By (author) হায়দার আকবর খান রনো
এই গ্রন্থে বিংশ শতাব্দীর শুরু থেকে এ পর্যন্ত সমাজতান্ত্রিক আন্দোলন, বিভিন্ন দেশের সমাজতান্ত্রিক বিপ্লব এবং সেইসব দেশের সমাজতান্ত্রিক সমাজ গঠনের অভিজ্ঞতা তুলে ধরা হয়েছে। পাশাপাশি বাংলাদেশের কমিউনিস্ট আন্দোলনের গৌরবময় অধ্যায় এবং কমিউনিস্ট আন্দোলনের ভুল ও ব্যর্থতার বিষয়টিও উল্লেখ করা হয়েছে। পরিশেষে এই গ্রন্থে আশাবাদ ব্যক্ত করা হয়েছে যে, একবিংশ শতাব্দী হবে সমাজতন্ত্রের শতাব্দী।
বিশ্ব চলচ্চিত্রে চীনা প্রেক্ষাপট
বিশ্ব চলচ্চিত্রে চীনা প্রেক্ষাপট
By (author) এনামুল হক টুটুল, লিলি
সাম্প্রতিক বছরগুলোতে চীনা চলচ্চিত্রশিল্পের দ্রুত উন্নয়ন হয়েছে। চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) অষ্টাদশ জাতীয় কংগ্রেস পরবর্তী ছয় বছরে চীনা চলচ্চিত্রের ব্যাপক উন্নয়ন হয়। এ সময়ে চলচ্চিত্র বাজার দ্রুতগতিতে প্রবৃদ্ধি লাভ করে এবং বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বাজার হয়ে ওঠে।
চীন আন্তর্জাতিক বেতারের (সিআরআই) বাংলা বিভাগ থেকে ‘আলোছায়া’ নামে চলচ্চিত্র-বিষয়ক একটি অনুষ্ঠান প্রচারিত হয়। এ গ্রন্থের লেখকদ্বয় অনুষ্ঠানটি তৈরি ও উপস্থাপনা করে থাকেন।
বেতার অনুষ্ঠানের পাশাপাশি কীভাবে চীনা চলচ্চিত্রের হালচাল বাংলাভাষী মানুষের কাছে বই আকারে পৌঁছে দেওয়া যায় সেই পরিকল্পনা থেকেই বইটি প্রকাশিত হল।
এ বইতে আন্তর্জাতিক চলচ্চিত্রাঙ্গনে চীনা চলচ্চিত্রের অবস্থা জানার পাশাপাশি বিশ্বের বিভিন্ন চলচ্চিত্রের ওপর চীনা চলচ্চিত্রের প্রভাবও জানা যাবে।